৪৫ জাহাজের নৌবহর গাজার আরও কাছে, আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল
প্রকাশিত : 05:38 AM, 2 October 2025 Thursday 87 বার পঠিত
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে চলছে। ৪৫টি জাহাজ রয়েছে এ নৌবহরে। যারমধ্যে আছেন ৪০ দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী। জাহাজগুলোকে আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল।
সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো এখন পেরিয়ে গেছে সেই স্থানটি, যেখানে এরআগে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে আটক করেছিল দখলদার ইসরায়েল।
বুধবার (১ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তারা বলেছে, ইসরায়েলের বাধা সত্ত্বেও তাদের জাহাজের কাফেলা গাজার দিকে এগিয়ে যাচ্ছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশ সমুন্নত রাখার নতুন সংকল্প নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।
নৌবহরে থাকা সব জাহাজ ও অধিকারকর্মীরা নিরাপদ আছে জানিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, “বর্তমানে সবাই নিরাপদ আছে। মাদলিন জাহাজকে যেখানে আটকানো হয়েছিল আমরা সেখান থেকে এখন অনেক সামনে আছি। আমরা সতর্ক রয়েছি।” এই জাহাজেই ছিলেন গ্রেটা থুনবার্গসহ অন্য আরও অধিকারকর্মী।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের।
জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।
অপরদিকে তাদের আটকের জন্য আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।
সূত্র: আলজাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























