শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি

প্রকাশিত : ০৯:৪৬ পূর্বাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ৯১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঐতিহ্য, স্থাপত্য ও শিল্প-কুশলতার এক অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পোদ্দার বাড়ি। যদি সময়মতো এর সংরক্ষণ নিশ্চিত করা যায়, তবে ইতিহাসের গৌরবময় অতীত ধারণ করা এই প্রাসাদোপম স্থাপনাটি হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ।

ইট, ঢালাই লোহার ব্র্যাকেট, কাস্ট আয়রনের ভেন্টিলেটর ও গ্রিল, সিরামিক টাইলস, মোজাইক মেঝে আর নিখুঁত নকশার পোদ্দার বাড়ির স্থাপত্যে ফুটিয়ে তুলেছে ইউরোপীয় নান্দনিকতা ও ঔপনিবেশিক যুগের শৈলীর ছাপ। খিলান, কার্নিশ আর ছাদের কারুকাজ বাড়িটিকে দিয়েছে বহুগুণে শৈল্পিক মর্যাদা।

দোতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে ১১০টিরও বেশি কক্ষ, যেখানে ছিল মন্দির, গোসলখানা, নাচঘর, আঁতুড়ঘর, বৈঠকখানা, খাজাঞ্চিখানা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ ও পান্থশালা। বাড়ির ভেতরে ছিল রমণীদের জন্য তিন দিক ঘেরা পুকুরঘাট, খাল ও কূপ থেকে পানি সরবরাহের ব্যবস্থা, বিশাল ফুলের বাগান ও খেলার মাঠ, যা একে পরিণত করেছে এক প্রাসাদোপম ঐতিহ্যবাহী স্থাপনায়।

স্থাপত্যের ধরনে মুঘল, গ্রিক, গান্ধারা ও ঔপনিবেশিক যুগের ছাপের পাশাপাশি স্থানীয় কারিগরদের দক্ষতার প্রমাণ রয়েছে প্রতিটি ইটে। ইতিহাস বলছে, পোদ্দার বাড়ির ঐতিহ্য প্রায় ৭০০ বছরের পুরোনো। রামমোহন পোদ্দার, শশী পোদ্দার, আনন্দ পোদ্দার ও গোপী পোদ্দার ছিলেন এই বংশের খ্যাতনামা ব্যক্তিত্ব। তাদের নামেই গড়ে ওঠা আনন্দবাজার আজও স্থানীয়দের কাছে পরিচিত।

৩৭২ বিঘা জমির মালিকানাধীন এই বিশাল সম্পত্তি বর্তমানে আউয়াল নামে এক আইনজীবীর দখলে রয়েছে। তার দাবি, তার বাবা আনোয়ার হোসেন পোদ্দারদের কাছ থেকে বাড়িটি কিনেছেন।

ঐতিহাসিক পানাম নগরের নিকটবর্তী এই বাড়ি সোনারগাঁ পৌরসভার পূর্ব ও উত্তর প্রান্তে অবস্থিত। তবে দুঃখজনক হলেও সত্য, শতাব্দী প্রাচীন এই নিদর্শন আজ অযত্ন-অবহেলায় ধ্বংসপ্রায়। প্রতিদিন ধীরে ধীরে ভেঙে পড়ছে দেয়াল, কার্নিশ আর শৈল্পিক কারুকাজ। বিশেষজ্ঞদের মতে, সময়মতো সংরক্ষণ না করলে অমূল্য এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যাবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ইতিহাস সমৃদ্ধ দৃষ্টিনন্দন এ বাড়িটি যদি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা যায়, তবে নতুন প্রজন্ম ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারবে।

অন্যদিকে, দায়িত্বরত কর্মকর্তা সহকারী কাস্টোডিয়ান মো. সিয়াম চৌধুরী জানান, ভবনটি যেহেতু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নয়, তাই আপাতত কিছু বলা সম্ভব নয়। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT