মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসীদের অপরাধপ্রবণতা, পুলিশের উদ্বেগ
প্রকাশিত : 05:03 AM, 19 March 2025 Wednesday 105 বার পঠিত
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার পুলিশপ্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে মোট ৯ হাজার ৬৮৪ জন বিদেশি নাগরিককে নানা অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
বিবৃতিতে তিনি জানান, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক।
মঙ্গলবার দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলছে, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ২২২ জন অবৈধ অভিবাসীকে (PATI) গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বৈধ ভিসা নিয়ে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে ৬ হাজার ৫৫৯ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ২ হাজার ১৪১ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪১৪ জনকে ফৌজদারি অপরাধ, ৩২৫ জনকে আর্থিক জালিয়াতি ও ৪০২ জনকে মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে।
তান শ্রী রাজারুদ্দিন জানান, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে মালয়েশিয়ার পুলিশ (PDRM) প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























