anusandhan24.com
রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু
Friday, 9 August 2024 06:54 AM
anusandhan24.com anusandhan24.com :

গুলিবিদ্ধ হওয়ার ৪ দিন পর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

সোমবার নগরীর আলুপট্টি মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সরকার পতনের একদফা দাবির আন্দোলনকারীদের সংঘর্ষে রায়হান গুলিবিদ্ধ হয়েছিলেন।

ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন নিশ্চিত করেছেন, নিহত রায়হান সংগঠনের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, রায়হানের মাথায় গুলি লেগেছিল। অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল।