anusandhan24.com
দেশের কারাগারে ৩৬৩ বিদেশি, বেশি ভারতের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
Thursday, 13 June 2024 07:56 AM
anusandhan24.com anusandhan24.com :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের কারাগারে ৩৬৩ জন বিদেশি নাগরিক আটক রয়েছে। এদের মধ্যে ভারতের নাগরিক বেশি। দেশটির ২১২ জন নাগরিক বাংলাদেশের কারাগারে আটক আছে। ভারতীয়দের মধ্যে ১১ জন কয়েদি, ৫৩ জন হাজতি এবং মুক্তিপ্রাপ্ত ১৪৮ জন।
বুধবার জাতীয় সংসদে ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ১৬টি দেশের নাগরিক আটক রয়েছে। এর মধ্যে মিয়ানমারের ১১৪ জন আটক রয়েছে বাংলাদেশের কারাগারে। এরমধ্যে ৫৮ জন কয়েদি, ৫০ জন হাজতি ও মুক্তিপ্রাপ্ত ৬ জন। অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের ৭ জন, নাইজেরিয়া ও মালয়েশিয়ার ৬ জন করে, চীন ও বেলারুশের ৪ জন করে, ক্যামেরুন ও পেরুর ২ জন করে এবং আমেরিকা, বাতসোয়ানা, জর্জিয়া, তানজানিয়া, মালয় ও অ্যাংগোলার ১ জন করে নাগরিক আটক রয়েছে।