anusandhan24.com
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠেকাতে কাবিনের আগে তরুণীর কাণ্ড
Saturday, 27 January 2024 07:29 AM
anusandhan24.com anusandhan24.com :

ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠেকাতে কাবিনের আগে এক তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই তরুণীর নাম সাদিয়া আক্তার(২০)। তিনি ঢাকা জেলার দোহার থানা এলাকার আবুল বাসার বাচ্চুর মেয়ে। সাদিয়া রাজধানীর মিরপুর বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি টঙ্গী বাজার এলাকার জনৈক সাঈদের ভাড়া বাড়ির ছয়তলায় পরিবারের সঙ্গে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার এসআই মনির হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেন সাদিয়ার। বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিলেন তিনি। তবে শুক্রবার সন্ধ্যায় বিয়ের কাবিন করার সিদ্ধান্ত হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে ভাড়া বাসার ছয়তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

তবে এ ঘটনা সাদিয়ার পরিবারের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।