anusandhan24.com
খালাস পেলেন নওয়াজ শরিফ
Thursday, 30 November 2023 07:51 AM
anusandhan24.com anusandhan24.com :

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে নির্বাচনের কয়েক মাস আগেই খালাস পেলেন।

বুধবার ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ তাকে এ মামলা থেকে খালাসের আদেশ দেন। খবর এনডিটিভির।

খালাস দেওয়ার প্রতিক্রিয়ায় নওয়াজ শরিফ বলেছেন, ‘আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি পুরো বিষয় তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আজ আল্লাহ আমাদের বিজয়ী করেছেন।’

খবরে বলা হয়েছে, অবৈধ অর্থ দিয়ে যুক্তরাজ্যের লন্ডনে সম্পদ গড়ার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেয়েছেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নওয়াজ শরীফের জন্য বড় একটি স্বস্তি।

এছাড়া অপর এক দুর্নীতি মামলায় আদালতের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এরমাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।