anusandhan24.com
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
Sunday, 26 November 2023 08:57 AM
anusandhan24.com anusandhan24.com :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ রোববার। এ নিয়ে দুপুর ২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে এর আগেই বেলা ১১টার পর থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

শিক্ষা বোর্ডগুলো জানায়, ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এবার পরীক্ষার্থী ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেড়েছে। প্রথা অনুযায়ী, আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এর জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ- HSC DHA ১২৩৪৫৬ ২০২৩ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল।

এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।