anusandhan24.com
নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
Sunday, 23 October 2022 05:17 PM
anusandhan24.com anusandhan24.com :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে।

গোলাম ফারুক সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত গোলাম ফারুক পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং একবার ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পেয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

এদিকে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে। গত বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।