anusandhan24.com
স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন পুলিশ সদস্য, প্রাণ গেল সড়কে
Monday, 11 July 2022 06:09 PM
anusandhan24.com anusandhan24.com :

নওগাঁর রানীনগরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন আলম (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে কুজাইল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলে থাকা শাহিন আলমের স্ত্রী শিফা বেগম আহত হয়েছেন।

নিহত শাহিন আলম রানীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিন আলম ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ঈদের দিন বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর থেকে আত্রাইয়ের বান্দাইখাড়ায় বোনের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে কুজাইলবাজার এলাকায় আত্রাই থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে শাহিনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শাহিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, শিফা বেগম নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ আজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।