anusandhan24.com
আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে: কাদের
Sunday, 12 June 2022 05:51 PM
anusandhan24.com anusandhan24.com :

‘আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে এবং রাজপথ কখনো ছাড়বে না।

তিনি রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের অবস্থান সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে, তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগুন নিয়ে খেলবেন না, তা হলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সংসদ সদস্য সাদেক খান এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়াচান।