Saturday 08 August 2026,

‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামায়াত’- বক্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ

প্রকাশিত : 07:04 AM, 25 August 2025 Monday 125 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্যে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন। তার ভাষায়— এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামায়াত।

এই বক্তব্যের জেরে এই বীর মুক্তিযোদ্ধাকে কড়া ভাষায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

আজ ২৪শে আগস্ট রোববার বিকেলে তাকে শোকজ করা হয় বলে বিএনপির প্রেস উইং সূত্র নিশ্চিত করেছে। নোটিশে যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান জানান, ৫ই আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গুপ্ত সংগঠন শিবির। তিনি বলেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে।

টকশোতে তিনি বলেন, যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ছাত্রশিবির। সারজিস আলমরা, যারা এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব। সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।

তিনি আরও যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও আছে।

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, জামায়াত চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্রের বহিপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থ-বিত্ত সবকিছু আছে।

তিনি মনে করেন, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতে এখন জামায়াত বসে গেছে। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়া সামনে আসছে। এবং সারা বাংলাদেশের এসিল্যান্ড, ইউএনও, পুলিশ, যা আছে ওপরের সচিব পর্যন্ত, বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশ ব্যাংক, শেয়ার কোম্পানি, মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সেখানের ছাত্রসংগঠন সবকিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো এখন আনঅফিশিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারব না। কারণ ভোটের গোণায় আমরা আগে ছিলাম ৭%, এখন গেলে আরও ১% কমবে।

ফজলুর রহমান বলেন, মানুষ বুঝে ফেলেছে যে জামায়াত হলো রাজাকারের বাচ্চা, এরা ৫৪ বছর পরেও তারা রাজাকারের কুকীর্তি ভুলে নাই, তারা প্রতিশোধ নিতে চায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT