মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের হাত থেকে সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬:৫৩ অপরাহ্ণ, ১৬ জুন ২০২৩ শুক্রবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছেন না। রেহাই পাচ্ছেন না সাংবাদিকেরাও। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন।

ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিকের বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এ ছাড়া অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটিতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাসিম। পরদিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT