Monday 26 October 2026,

লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত : 06:31 PM, 8 June 2023 Thursday 207 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সারা দেশে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু করে ঢাকা জেলা বিএনপি। ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছলে সেখানে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ।

পুলিশের বাধার মুখে বিএনপির নেতাকর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে প্রধান অতিথি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবু, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন, যুবদলের রেজাউল কবির পল, ইয়াছিন ফেরদৌস মুরাদসহ সহস্রাধিক নেতাকর্মী।

রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের পতন অনিবার্য। ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য বলেছিলেন— ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। ফেরির বিদ্যুৎ এখন কোথায়? এই সরকার জনগণের অধিকারকে কারাবন্দি করেছে। গোটা দেশকে বন্দিশালা করেছে। এই পরিস্থিতির অবসানের জন্য সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এই সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে।

দুপুর ১টা ১০ মিনিটের দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। পরে আরামবাগ মোড় থেকে বিএনপির কয়েকজন নেতা মতিঝিলের ওয়াপদা ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের দিকে রওনা দেন। দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপির কয়েকজন নেতা এ ভবনের নিচে পৌঁছান। সেখানে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

‘সারা দেশে অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং এই খাতে নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে’ বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ৬ জুন ঘোষণা করে বিএনপি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT