Wednesday 26 August 2026,

ঘন কুয়াশার দাপট মধ্য পৌষে আসল রূপে শীতকাল

প্রকাশিত : 09:04 AM, 31 December 2022 Saturday 185 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মধ্য পৌষে এসে আসল রূপে আবির্ভূত হয়েছে শীতকাল। প্রায় সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে শীতে যবুথবু অবস্থা জনজীবনের। এতদিন যারা হালকা গরম কাপড় গায়ে দিয়েছিলেন তারা শুক্রবার অপেক্ষাকৃত আরও মোটা কাপড় নামিয়েছেন আলমারি থেকে। পাশাপাশি কানটুপি ও গলায় মাফলার প্যাঁচিয়ে রাজধানীর মানুষকে ঘর থেকে বের হতে দেখা গেছে।

বৃহস্পতিবার দেশের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়। শুক্রবার সেই পাঁচ জেলার মধ্যে তিনটি শৈত্যপ্রবাহমুক্ত হয়। কিন্তু অবশিষ্ট দুই জেলার পাশাপাশি নতুন আরও দুটিতে শৈত্যপ্রবাহ শুরু হয়। ফলে বর্তমানে চার জেলায় শৈত্যপ্রবাহ বইছে।

এদিকে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে স্থবির ছিল ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে তিনটি ফ্লাইট নামতে পারেনি ঢাকায়। এর মধ্যে দুটি ভারতের কলকাতায় এবং একটি মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শুক্রবার চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮, নওগাঁর বদলগাছীতে ১০ আর যশোরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাধারণত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। সেই হিসাবে উল্লিখিত এলাকাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম দিক থেকে আসছে বাতাস, যেটিকে আমরা ‘উত্তরা বাতাস’ বলে থাকি। ঢাকায় বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। এই বাতাস কনকনে হিম বয়ে এনে হাড় কাঁপুনির সৃষ্টি করেছে। আগামী আরও ৪-৫ দিন তাপমাত্রার এ নিম্নাবস্থা অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য আরও কমে যাবে। ফলে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে।

বিএমডি জানায়-বৃহস্পতিবার রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। শুক্রবার নওগাঁ, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা ও নীলফামারী থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। পঞ্চগড় ও যশোর অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার তা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শীতল বায়ুপ্রবাহ বেড়ে যাওয়ার পাশাপাশি ঢাকার আকাশে মেঘ থাকায় খুবই অল্পসময়ের জন্য দেখা যায় সূর্যের মুখ। ফলে শীতের অনুভূতি না কমে বরং বেড়েছে।

এদিকে বিএমডি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী তিন দিন পর পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

৬ ঘণ্টা স্থবির আকাশপথ : মঙ্গলবার রাত ২টা থেকে কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। এর ফলে বিপাকে পড়তে হয় বেশ কয়েকটি বিমানকে। জানা যায়, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে ও মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইট মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম বন্ধ ছিল। প্রায় ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। এছাড়া কুয়াশাচ্ছন্ন থাকা অবস্থায় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

বগুড়া : শুক্রবার জেলায় মৌসুমের সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। হাড় কাঁপানো শীতে ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় দুপুরে আস্থা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তার উদ্যোগে শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সংরক্ষিত আসন-১৯ (পিরোজপুর) এর সংসদ-সদস্য ও বগুড়া জেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডরোথী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT