Sunday 01 November 2026,

নববর্ষে ক্রেতা খুঁজছেন ঈদের পোশাক

প্রকাশিত : 05:24 AM, 13 April 2023 Thursday 177 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

করোনা মহামারির কারণে গত দুই বছর ঘরবন্দি হয়েই অনেকে বৈশাখ উদযাপন করেছেন। আশা ছিল, এবার সাড়ম্বরে বৈশাখকে বরণ করে নেবেন সবাই। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের বৈশাখী কেনাকাটায় যেন অনেকটা ভাটা পড়েছে। তার ওপর চলছে রমজান মাস। ফলে পহেলা বৈশাখ উদযাপনের আর এক দিন বাকি থাকলেও ফ্যাশন হাউসগুলোতে বৈশাখী পোশাকের বিক্রি তেমন হয়নি। ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ উদযাপন নিয়ে দোটানায় থাকায় এবার তুলনামূলকক কম পোশাক তুলেছেন তাঁরা। বরং ঈদ ঘিরেই তাঁরা ব্যবসার প্রস্তুতি নিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর আজিজ সুপার মার্কেট, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঘুরে দেখা যায়, বেশিরভাগ দেশীয় ফ্যাশন হাউসে ক্রেতার উপস্থিতি কম। যাঁরা আসছেন, তাঁরা ঈদ কালেকশনই দেখছেন। যমুনা ফিউচার পার্কের বিশ্বরঙ ফ্যাশন হাউসের ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ক্রেতাদের উপস্থিতি আশঙ্কাজনক কম। আগে যেখানে ক্রেতারা পাঁচটা বা তিনটা পোশাক কিনতেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেখানে তাঁরা একটি বা দুটি পোশাক নিচ্ছেন। এ ছাড়া সামনে ঈদ। তাই বৈশাখী কেনাকাটায় তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

আরেক ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ-এর ব্যবস্থাপক কামরুল ইসলাম মানিক বলেন, বৈশাখী কেনাকাটায় ৬০ ভাগ ক্রেতার উপস্থিতি হয়তো কম। যাঁরা আসছেন, অনেকেই ঈদের পোশাক কিনছেন। এ ছাড়া যেসব ক্রেতা বৈশাখের পাঞ্জাবি কেনার উদ্দেশ্য নিয়ে শপিংমলে আসছেন, দাম শুনে তাঁরা বিকল্প পোশাক দেখছেন।

অঞ্জন’স বাংলাদেশের প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, এবার ছোট করেই বৈশাখের আয়োজন করা হয়েছে। এমনভাবে পোশাকগুলো তৈরি করা হয়েছে, যেন বৈশাখ ছাড়াও অন্য উৎসবে তা পরিধান করা যায়। বৈশাখ উপলক্ষে বরাবরের মতো লাল রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে।

রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন : এবার সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক এনেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। উৎসবে থিমনির্ভর ফ্যাশন রঙ বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। পাখির রঙ থিমে তৈরি হয়েছে বৈশাখ সংগ্রহের নকশা উপাদান। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী। এ ছাড়া এবারের বৈশাখ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। বিভিন্ন ধরনের ডিজাইনের কটন, স্লাব কটন, লিনেন, হাফসিল্ক, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা, কমলা, নীল, পেস্ট, জলপাইকে। সহকারী রং হিসেবে আছে ম্যাজেন্টা, হলুদ, মেরুন। পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। শুধু বড়দের নয়; বৈশাখে সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ছোটদের আকর্ষণীয় পোশাক। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। সুতরাং রঙ বাংলাদেশে কেনাকাটায় পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবেন এবারের পহেলা বৈশাখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT