Sunday 27 September 2026,

ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘণ্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

প্রকাশিত : 04:48 PM, 28 June 2025 Saturday 127 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিরাজগঞ্জের শাহজাদপুর মোটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরসহ মহাসড়কে নানা প্রতিবন্ধকতার প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনার জেলা প্রশাসক ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য ডাকা পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার পর জেলা প্রশাসক স্যারের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। তিনি সকল সমস্যার সমাধান করার কথা বলেছেন। মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনকে ডাকা হয়। আজ সকাল থেকে পাবনা-ঢাকা রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে। আমরা আশা করি সকল সমস্যার সমাধান হবে।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার ধর্মঘট থাকায় পাবনা থেকে ঢাকাগামী যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। বাস না পাওয়ায় অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ভিন্ন ভিন্ন যানবাহনে ঢাকায় ফিরেছেন। অনেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাস কাউন্টারে এসে গাড়ি চলাচল বন্ধ দেখে বাড়িতে ফিরে গেছেন। অনেকের বেশি জরুরি থাকায় সিএনজিচালিত অটোরিকশা করে বেড়ার কাজিরহাট ফেরিঘাট হয়ে মানিকগঞ্জ হয়ে কর্মস্থলে ফিরেছেন। আবার অনেকে অফিস থেকে ছুটি নিয়ে গাবতলী বাস টার্মিনালে এসে পাবনার গাড়ি বন্ধ দেখে আরিচা হয়ে কাজিরহাট ফেরিঘাট হয়ে পাবনায় আসেন।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে আগের নিয়মেই দূরপাল্লার বাস ঢাকায় যাচ্ছে। পাবনার ডিসি স্যার ও সিরাজগঞ্জের ডিসি স্যার সমাধানের দায়িত্ব নেওয়ায় আমরা সম্মিলিতভাবে বসে গতকাল রাতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আপনাদের (সাংবাদিক) ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ফোনের মাধ্যমেই আমি জানতে পেরে তাৎক্ষণিক সমাধান করেছি। মোটর মালিকরা বাস চলাচল বন্ধ করে নিজেরাই সমাধানের চেষ্টা করেছেন। এটা না পেরে রাজনৈতিক নেতাদের দিয়ে সমাধানের চেষ্টা করেও পারেনি। এরপর আমি বিষয়টি জানতে পেরে ওদের সঙ্গে মিটিং করে বাস ধর্মঘট প্রত্যাহার করেছি। সিরাজগঞ্জের ডিসির সঙ্গে কথা বলেছি যে, যদি তারা গাড়ি আটকায় তাহলে আমি সেনাবাহিনী দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থা করব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT