শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

প্রকাশিত : ০৯:০৭ পূর্বাহ্ণ, ১৭ জুলাই ২০২৪ বুধবার ১৪১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বুকস অব বেঙ্গলের ফেসবুকে পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় প্রায় ৭৭ হাজার অনুসারী রয়েছে তাদের।

ফেসবুকে দেওয়া পোস্টে বুকস অব বেঙ্গল জানায়, ‘অনেকের মতো আমরাও একটা সময় মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তারা আরও লেখেন, ‘আমরা এ বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসাবে আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অব বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না।’

এর আগে মুহম্মদ জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে ভীষণ মর্মাহত হয়ে এই বক্তব্য দেন মুহম্মদ জাফর ইকবাল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT