এনসিপি, ছাত্রদল ও শিবিরের কর্মসূচি ঘিরে ডিএমপির নির্দেশনা
প্রকাশিত : 06:42 AM, 3 August 2025 Sunday 108 বার পঠিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রশিবিরের (সাংস্কৃতিক সংগঠন) সাইমুম শিল্পীগোষ্ঠীর সমাবেশের কারণে রোববার (৩ আগস্ট) জনসাধারণকে শাহবাগ এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২ আগস্ট) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে।
ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে একটি জন সমাবেশ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে (১-৪ অগস্ট) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে।
এ ছাড়াও রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























