Sunday 09 August 2026,

ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ

প্রকাশিত : 08:43 AM, 10 March 2023 Friday 247 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেত্রকোনার মদনে টিসিবির কার্ড জিম্মি করে টাকা আদায় করার অভিযোগ উঠেছে হারেছ মিয়া নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হারেছ মিয়া তিয়শ্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। কার্ড জিম্মি থাকায় পণ্য না পেয়ে বৃহস্পতিবার বিকেলে ক্ষোভে বাড়ি ফিরে যেতে দেখা যায় ভুক্তভোগীদের। নিজের লাভের আশায় কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন ইউপি সদস্য হারেছ মিয়া।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তালিকা তৈরি করে ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে উপকারভোগীদের টিসিবি কার্ড সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের। সেই সুযোগে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারেছ মিয়া সুবিধাভোগীদের কার্ড জিম্মি করেছেন। কার্ড জিম্মি করে অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠে।

বৃহস্পতিবার (৯ মার্চ) তিয়শ্রী ইউনিয়ন পরিষদে ১ হাজার ৩৮৫ জন নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়। সেই সময় ইউনিয়ন পরিষদের সামনে হারেছ মিয়ার হাতে একাধিক সুবিধাভোগীর কার্ড জিম্মি থাকতে দেখা গেছে। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বালালী গ্রামের সুবিধাভোগী হাফসা আক্তার বলেন, ‘কিছু দিন আগে আমার ছবি আর আইডি কার্ড হারেছ মিয়ার কাছে দিয়ে এসেছি। এর জন্য তাকে টাকাও দিতে হয়েছে। কিন্তু আমার কার্ডটা তার কাছে রেখে দিয়েছে। আজকে (বৃহস্পতিবার) সকাল থেকে মালামাল নেওয়ার জন্য ঘুরতেছি। বিকেলে দিবে বলেছে, এখন হারেছ মেম্বার কোথায় যেন চলে গেছে।’

পরবর্তীতে সুবিধা পাবে না এই ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুবিধাভোগী জানান, কার্ড করার জন্য আগেই মেম্বারকে টাকা দিতে হয়েছে। কিন্তু কার্ডগুলো আমাদের হাতে দেয় না। যখন মালামাল কিনতে আসি, তখন কার্ডগুলো তার কাছ থেকে নিতে হয়। কোনো কোনো মাসে মালামালও কিনতে পারি না।

এ বিষয়ে জানতে চাইলে হারেছ মিয়া মুঠোফোনে বলেন, ‘তারা (সুবিধাভোগীরা) কার্ড দিয়ে মালামাল নিবে, এতে তো আমার কিছু লাভের দরকার আছে। তাই আমার লাভের জন্য ১০০০ টাকা করে নিয়েছি।’

তিয়শ্রী ইউনিয়নের টিসিবির ডিলার শফিকুল ইসলাম (শফি) বলেন, ‘যারা কার্ড নিয়ে এসেছে তাদের কাছে পণ্য বিক্রি করা হয়েছে। আজকে (বৃহস্পতিবার) ১ হাজার ৩৮৫ জন সুবিধাভোগীর মাঝে পণ্য বিক্রি করেছি। হারছে মেম্বার কার্ড ছাড়া পণ্য নিতে এসেছিল, কিন্তু তাকে পণ্য দেওয়া হয়নি।’

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, ‘হারেছ মেম্বার কার্ড জিম্মি করে টাকা আদায় করছে কিনা, বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। এমন করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানজিনা শাহরীন বলেন, ‘একটি নতুন কার্ড তৈরি করার জন্য ৫০-১০০ টাকা খরচ হতে পারে। তবে কার্ড জিম্মি করে টাকা আদায় করার সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT