Monday 14 September 2026,

কর্মসংস্থান বাড়িয়ে দোহার-নবাবগঞ্জে বেকারত্ব নির্মূল করব: সালমা ইসলাম

প্রকাশিত : 04:46 PM, 27 December 2023 Wednesday 204 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, নির্বাচিত হলে দোহার ও নবাবগঞ্জে কৃষিভিত্তিক শিল্প এলাকা গঠনে কাজ করব। ফলে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা বিদ্যুৎ ও পানির সংকট নিরসন হয়ে যাবে। পাশাপাশি কৃষি ও শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করে দোহার-নবাবগঞ্জে বেকারত্ব নির্মূল করব।

বুধবার দুপুরে নবাবগঞ্জের যন্ত্রাইল চন্দ্রখোলা এলাকায় ভোটারদের সঙ্গে উঠানবৈঠকে এসব কথা বলেন সালমা ইসলাম।

সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের কথা দিচ্ছি— আমি এই দোহার-নবাবগঞ্জের জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি কৃষকের মান উন্নয়নে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। এ ছাড়া যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাঁচা ও আধাপাকা রাস্তাগুলোকে পাকা রাস্তায় রূপান্তর করব। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিন।

তিনি আরও বলেন, আমার স্বামী আপনাদের প্রিয় মানুষ, আপনাদের অহংকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। করোনা মহামারিতে যখন দেশের মানুষ লকডাউনের কারণে ঘরের বাহিরে বের হতে পারছিল না, অফিস-আদালত, কলকারখানা ও দোকানপাট, সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ খাবার পাচ্ছিল না, ঠিক এই সময়ের ভয়াল দিনগুলোতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ কোটি টাকার চেক তুলে দিয়েছিলেন। তা ছাড়া এই এলাকার গরিব অসহায় হতদরিদ্র্য মানুষের মধ্যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে চাল-ডাল বিতরণ করেন।

সালমা ইসলাম বলেন, তার (নুরুল ইসলাম) স্বপ্ন ছিল— দোহার-নবাবগঞ্জ যেন বাংলাদেশে একটি দারিদ্র্যমুক্ত এলাকা হিসেবে পরিচিত হয়। আমি তার সহধর্মিণী হিসেবে কথা দিচ্ছি— দোহার-নবাবগঞ্জ উপজেলাকে একটি সর্বাঙ্গীন স্বয়ংসম্পূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলব। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সব উন্নয়নমুখী কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন ঘটাতে সক্ষম হব। এই অঞ্চলকে বেকারত্ব, দারিদ্র্যের অভিশাপমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

উঠানবৈঠকে ভোটারসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সুখ ও দুঃখের কথা শুনেন সালমা ইসলাম।

তিনি বলেন, শ্রমিক, কৃষক, দরিদ্র নারী-পুরুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়নের লক্ষ্যে সরকারি সেবার পাশাপাশি বেসরকারি এনজিও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। যাতে বিনাচিকিৎসায় কোনো লোক না থাকেন। আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষায় ডিজিটাল বৈষম্য দূর করা হবে। সরকারি ও ব্যক্তিগত খরচে সব শিক্ষার্থীকে ইন্টারনেট সেবা প্রাপ্তির চেষ্টা চালানো হবে। এ ছাড়া দোহার-নবাবগঞ্জবাসীর জন্য ডেঙ্গুসহ মশাবাহিত রোগ দূরীকরণে সামাজিক উদ্যোগ নেওয়া হবে।

এদিন বিকালে সালমা ইসলাম উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা পূর্বপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়, উঠানবৈঠক করেন ও লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে তাকে এই এলাকার উন্নয়েন কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এ সময় নির্বাচনি উঠানবৈঠক ও মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাপা নেতা মান্নান মাস্টার, এম মজিদ, আব্দুস সালাম, নকুল কুমার, স্বপন কুমার, তাজুল ইসলাস, মতিন মেম্বার, হারুন মিয়া বিরেশ মাজেদ মিয়া, পলাশ রোজারী, শুভ্র তালুকদারসহ নারী নেত্রী আসমা আক্তার রুমি, তানজিনা আহমেদ নিনা প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT